রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Published : ১৯:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
রংপুরে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম,রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম,
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতার, রংপুর প্রেসক্লাব, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি, রংপুর মহানগর সুজন সহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।
জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা,শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমরা সর্বস্তরে বাংলা ভাষাকে জায়গা করে দিতে পারিনি। অফিস-আদালত, হোটেল-রেঁস্তোরাসহ অনেক জায়গায় ভুল বাংলা বানান ও ইংরেজিতে লেখা ব্যানার, পোস্টার-সাইনবোর্ড ব্যবহৃত হচ্ছে-যা খুবই দুঃখজনক।
যে জাতি নিজের ভাষাকে অবজ্ঞা করে, সে জাতি কখনও উন্নত হতে পারে না। বিভাগীয় কমিশনার বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা। এই ভাষার সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, এজন্য মনে-প্রাণে আমাদের বাংলা ভাষার সংস্কৃতি ধারণ করতে হবে। দেশের সর্বস্তরে সকলকে বাংলা ভাষার শুদ্ধ চর্চা করা প্রয়োজন।
বাংলাকে রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংঘটিত আন্দোলনগুলোর মধ্যে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আন্দোলন অন্যতম। এজন্য এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষা শহীদদের আত্মত্যাগ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, ভাষা সৈনিকগণের আত্মত্যাগ আমাদের অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করেছিল, যা দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি ভাষা সৈনিকদের আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, বাঙালি ছাড়া অন্য কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি।
এজন্য ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল প্রমুখ।
আলোচনা সভা শেষে ভাষাসৈনিক মোহাম্মদ আফজালকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া দিবসটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বিডি/এএন































