আজ ২১ ফেব্রুয়ারি, সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ আরও অনেক নাম না জানা ভাষাসংগ্রামী।
মহান এই আত্মত্যাগের দিনটি যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করছে বিভিন্ন মহল, পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনও।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষভাবে অংশ নিয়েছে ফিফা। ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল ফেসবুক পেজে কানাডাপ্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোম-এর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল, “ভিন্ন ভাষায় একই আবেগ।” ছবিতেও বাংলা ভাষায় ছিল, “ফুটবলই আমাদের ভাষা।” এর মাধ্যমে মাতৃভাষা বাংলার প্রতি সম্মান জানানোর পাশাপাশি ফুটবলের সার্বজনীন আবেদন ও ঐক্যের বার্তাও তুলে ধরা হয়।
জানা গেছে, ফিফার ওই পোস্টটি ‘কাস্টম’ প্রাইভেসি সেটিংসে প্রকাশ করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাই পোস্টটি দেখতে পাচ্ছেন।
এর আগে যুক্তরাজ্যপ্রবাসী হামজা চৌধুরী-এর পথ অনুসরণ করে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরেছেন। বিশ্বফুটবলের পরিসরে তারা নতুনভাবে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন। ফিফা বিশ্বকাপের পেজে সামিত সোম-এর ছবি প্রকাশ সেই বাস্তবতারই একটি প্রতীকী প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।
অন্যদিকে, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের পোস্টে বলা হয়, “তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।”
মাতৃভাষা দিবস উপলক্ষে ফিফার এই উদ্যোগ বিশ্ব ফুটবলের অঙ্গনে বাংলা ভাষা ও বাংলাদেশের উপস্থিতিকে আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরেছে।


































