আওয়ামী লীগের শাসনের সময়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি চরম নির্যাতনের ঘটনা বিরল নয়। সাধারণত এসব নির্যাতনের খবর খুব কমই গণমাধ্যমে প্রকাশ পেত এবং দলের বক্তব্য বা বিবৃতিও জনসমক্ষে খুব একটা পৌঁছাত না।
এই পরিস্থিতিতে বিএনপির কথা জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে চালু করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘বিএনপি মিডিয়া সেল’। সময়ের সাথে সাথে এটি দলটির শক্তিশালী মুখপাত্রে পরিণত হয়। সেলের প্রথম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়া হয় জহির উদ্দিন স্বপনের, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জহির উদ্দিন স্বপনের জন্ম বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি ১৯৭৫ সালে খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে।
আশির দশকে তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে তিনি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান জহির উদ্দিন স্বপন। পরে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনে সরে দাঁড়ান।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পান, তবে পরাজিত হন। ভোট ডাকাতির মাধ্যমে বিএনপিকে নির্বাচনে হারানোর ঘটনারও প্রতিফলন দলের পক্ষ থেকে প্রকাশ পায়নি।
এমন বাস্তবতায় ২০২২ সালের ২০ জুন গঠন করা হয় বিএনপি মিডিয়া সেল। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তৎকালীণ দলের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপন। তার নেতৃত্বে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেলটি দাঁড়ায় বিএনপির শক্তিশালী মুখপাত্রে।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব গুরুত্বপূর্ণ ঘটনা জনগণের কাছে তুলে ধরা হয়। এছাড়াও স্বপন দলের চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। ফ্যাসিস্ট সরকারের পতনসহ বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের সময়ে তিনি কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগও করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে জহির উদ্দিন স্বপনের তৃতীয়বারের মতো সংসদে পদায়ন। আগের সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুই বার অংশগ্রহণ করেছেন। এছাড়া বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’ এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
যদিও জহির উদ্দিন স্বপন প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, কিন্তু তার মিডিয়া সেল পরিচালনার অভিজ্ঞতা তাকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা দিয়েছে। ফলে তিনি মিডিয়া ব্যবস্থাপনায় প্রাপ্ত অভিজ্ঞতা থেকে দেশের গণমাধ্যমের উত্তরে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন বলে তার শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করছেন।





























