ত্রয়োদশ জাতীয় সংসদে আয়াতুল্লাহ খামেনির স্মরণে শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদে আয়াতুল্লাহ খামেনির স্মরণে শোকপ্রস্তাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৯, ১২ মার্চ ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রস্তাবে আয়াতুল্লাহ খামেনির কর্মময় জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোকপাত করা হয়। শোকপ্রস্তাবে বলা হয়, তাঁর মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব ও প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। সংসদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি শাহাদাৎ বরণ করেন। তাঁর মৃত্যুর পর ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং চল্লিশ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শিক্ষাজীবনের শুরু মাশহাদের ইসলামী বিদ্যালয়ে, এরপর নাজাফ ও কোমের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মতাত্ত্বিক পড়াশোনা করেন। এই সময়ে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন এবং শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন, যার ফলে বেশ কয়েকবার কারাবরণও করতে হয়।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি) তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং তাঁর অধীনে আইআরজিসি একটি শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, শোকপ্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানের প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের কাছে প্রেরণ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement