ত্রয়োদশ জাতীয় সংসদে খালেদা জিয়া সহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক

ত্রয়োদশ জাতীয় সংসদে খালেদা জিয়া সহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৮, ১২ মার্চ ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে এসব শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির পক্ষ থেকে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের অটুট রক্ষক বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এ ছাড়াও সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত এই শোক প্রস্তাব সংসদে পাঠ করা হয়।

তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মতিয়া চৌধুরী (সাবেক সংসদ উপনেতা), মেজর জেনারেল (অব.) কে. এম. সফিউল্লাহ, আবদুল্লাহ আল নোমান (সাবেক মন্ত্রী), মোস্তফা মোহসীন মন্টু, আব্দুল করিম খন্দকার (বীর মুক্তিযোদ্ধা) এবং রমেশ চন্দ্র সেনসহ ৩১ জন বরেণ্য রাজনৈতিক নেতা।

বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী নেতার মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শোক প্রস্তাব উত্থাপনের পর সংসদে দাঁড়িয়ে প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, প্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পাঠানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement