ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত দেশে ফেরার নির্দেশ

ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত দেশে ফেরার নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩২, ১২ মার্চ ২০২৬

স্পেন সরকার ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত আনা সালোমোনকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করেছে। সালোমোন ২০২১ সালের জুলাই থেকে ইসরায়েলে স্পেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।

তবে ইসরায়েল সরকারের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কয়েক মাস আগে তাকে মাদ্রিদে তলব করা হয়েছিল।

রাষ্ট্রদূত অপসারণের এই সিদ্ধান্ত স্পেনের মন্ত্রিসভার অনুমোদন ও পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের প্রস্তাবের ভিত্তিতে নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) সরকারি গেজেটে এই পদক্ষেপের বিষয়টি প্রকাশ করা হয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেন দীর্ঘদিন ধরেই সমালোচনামূলক অবস্থান নিয়েছে। এছাড়া, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যে পদক্ষেপের ঘোষণা দেন, তা দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত করে তোলে। স্পেন অভিযোগ তোলে, ইসরায়েল তাদের মন্ত্রী ইয়োলান্দা দিয়াজ ও সীরা রেগোর বিরুদ্ধে অপবাদমূলক মন্তব্য করেছে এবং অগ্রহণযোগ্য আচরণ দেখিয়েছে।

রাষ্ট্রদূত অপসারণের ফলে আপাতত ইসরায়েলে স্পেনের দূতাবাস একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে পরিচালিত হবে, যিনি নতুন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই স্পেন ও ইসরায়েলের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ২০২৪ সালে স্পেনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েলের রাষ্ট্রদূত মাদ্রিদ ত্যাগ করেছিলেন। বর্তমানে স্পেনে কোনো ইসরায়েলি রাষ্ট্রদূত নিযুক্ত নেই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement