সোনার দামে বড় পতন
Published : ১২:২৪, ১২ মার্চ ২০২৬
দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, নতুন নির্ধারিত এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সেটির প্রভাব বিবেচনায় এনে সোনার এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচা সোনার দামের ওঠানামার কারণেই দেশের বাজারেও সোনার দামে এই সমন্বয় আনা হয়েছে।
এদিকে স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিপ্রতি ১৭৫ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২৫ দফা রুপার দামে সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৯ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।
বিডি/এএন

































