ফুটবল বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের
Published : ১১:৪৮, ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে জাতীয় দলের খেলা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও বিভিন্ন হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনজামালি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত মার্কিন সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।”
তিনি আরও বলেন, গত আট থেকে নয় মাসে ইরানের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এসব সংঘাতে কয়েক হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এই অবস্থায় দেশের পক্ষে বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।
তবে ইরান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের পরিবর্তে কোন দল অংশগ্রহণের সুযোগ পাবে—তা এখনও নিশ্চিত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হাতে। ফিফার বিধিমালা অনুযায়ী, কোনো সদস্য সংস্থা যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে প্রয়োজন হলে অন্য কোনো দলকে সেই জায়গায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।
উল্লেখ্য, আগামী ১১ জুন ২০২৬ থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে।
সূত্র: গোল.কম
বিডি/এএন

































