ইরান যুদ্ধবিরতি চায় তিন শর্ত পূরণে

ইরান যুদ্ধবিরতি চায় তিন শর্ত পূরণে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৮, ১২ মার্চ ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে ইরান যুদ্ধবিরতি নিশ্চিত করতে তিনটি শর্ত রেখেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নির্দিষ্ট শর্তগুলো পূরণ হলে সংঘাত বন্ধ করা সম্ভব।

আল জাজিরার লাইভ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, যুদ্ধ বন্ধের জন্য প্রথম শর্ত হলো ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় শর্ত হিসেবে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক হামলায় সৃষ্ট ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না, তা নিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এ জানান, যদি যুক্তরাষ্ট্র ইরানের বন্দর এলাকায় হামলা চালায়, তবে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।

এর আগে যুক্তরাষ্ট্র তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে সাধারণ মানুষকে ইরানের বন্দর এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

ইরানও জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংক্রান্ত লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement