কড়াইল বস্তিতে বিএনপির উদ্যোগে ফ্রি ওয়াইফাই
Published : ১৫:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে বিএনপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’-এর আয়োজনে এই ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সমাজ সংস্কারক ও অর্থনৈতিক সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীর সাম্প্রতিক কর্মকাণ্ডে সমাজসেবার চেয়ে গুন্ডামির প্রবণতা বেশি দৃশ্যমান। সাম্প্রতিক ঘটনায় ক্যান্টনমেন্ট এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং একটি ব্যাংকে ঢুকে ম্যানেজারকে মারধরের মতো ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
হুমায়ুন কবির আরও বলেন, ইতিহাসে দেখা গেছে কেউ কেউ ইসলামের কথা বললেও প্রকৃত লক্ষ্য ছিল ক্ষমতা অর্জন। নির্বাচনের শেষ পর্যায়ে এসে একটি দল বেপরোয়া আচরণ করছে, যা উদ্বেগের কারণ।
তিনি আশ্বস্ত করেন, তারেক রহমান নির্বাচিত হলে এবং জনগণের ম্যান্ডেট পেলে ঢাকা-১৭ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে সমান অধিকারভিত্তিক, যেখানে শুধু ক্ষমতাবানদের সন্তান নয়, সাধারণ মানুষের ছেলে-মেয়েরাও মন্ত্রী ও সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবেন।
হুমায়ুন কবির ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করুন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
‘চেতনার বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, আজ থেকে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে শিক্ষার্থীরা, বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
তিনি বলেন, চেতনার বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, যা বহু বছর ধরে মানুষের কল্যাণে কাজ করছে। শুধু ঢাকা-১৭ আসন নয়, করোনাকালসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটি নানা সামাজিক উদ্যোগ নিয়েছে।
ঢাকা-১৭ আসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি টিঅ্যান্ডটি মাঠে কড়াইলের স্থানীয় দলগুলোকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল বলে তিনি জানান।
ফ্রি ওয়াইফাই সেবাটি পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং ভবিষ্যতে ঢাকা-১৭ আসনজুড়ে সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বনানী লেক পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নসহ আরও উন্নয়নমূলক কাজ করার কথাও জানিয়েছেন ফয়সাল সালাম। তিনি আশ্বাস দিয়েছেন, তারেক রহমান নির্বাচিত হলে এলাকার পরিবেশ ও জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হবে।
বিডি/এএন



























