নতুনভাবে ফ্যাসিবাদ উত্থান করতে পারে, সতর্ক থাকুন: রিজভী

নতুনভাবে ফ্যাসিবাদ উত্থান করতে পারে, সতর্ক থাকুন: রিজভী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে নতুনভাবে এবং ভিন্ন কৌশলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক শক্তি নতুন আভায়, নতুন কৌশলে ক্ষমতায় ফিরে আসতে না পারে। তিনি বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, গত ১৬–১৭ বছরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। ভোটের দিন যে উৎসবমুখর পরিবেশ থাকা উচিত ছিল, তা নষ্ট করা হয়েছিল। রিজভী আরও বলেন, নির্বাচন মানেই জনগণের অধিকার প্রয়োগের উৎসব, কিন্তু বিগত সময়ে ভোটকেন্দ্র দখল, ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে সেই পরিবেশকে ধ্বংস করা হয়েছে।

গণতান্ত্রিক লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, রাজনৈতিক নিপীড়নের সময় সাংবাদিকরা সাহসের সঙ্গে নানা ঘটনা তুলে ধরেছেন। এতে বহু নেতাকর্মীর জীবন রক্ষা পেয়েছে। তিনি বলেন, অনেক সময় গভীর রাতে নেতাকর্মীদের আটক করা হয়েছে। পুলিশ তা অস্বীকার করলেও সাংবাদিকরা তা প্রকাশ করেছেন, ফলে অনেকেই রক্ষা পেয়েছেন।

রিজভী আরও সতর্ক করে বলেন, সম্প্রতি কিছু ঘটনায় দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে অসভ্য ও উগ্র আচরণ বেড়েছে, যা ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ হতে পারে। তিনি যোগ করেন, যদি কোনো শক্তি ধর্মকে ব্যবহার করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তা আরও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনসহ দলের অন্যান্য নেতারা।

সূত্র: বাসস

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement