নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২ হাজার টাকায়

নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২ হাজার টাকায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সাধারণ বাজারে যেখানে দুই হালি ডিমের দাম সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ, সেখানে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে সেই একই পরিমাণ ডিম বিক্রি হয়েছে অবিশ্বাস্য ২০০০ টাকায়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন গ্রামের দুই বাসিন্দা। পরে এশার নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে ডিমগুলো নিলামে তোলা হয়।

নিলামের শুরুতেই স্থানীয় বাসিন্দা মানিক মিয়া এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এরপর মুসল্লিদের মধ্যে ডিম কেনার জন্য ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দফার নিলামে অবশিষ্ট এক হালি ডিম স্থানীয় বাদল মিয়া কিনে নেন ১০০০ টাকায়।

এরপর প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম আবার মসজিদে দান করে দেন। এতে উপস্থিত মুসল্লিদের মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় আরেক বাসিন্দা সেই এক হালি ডিম ৭০০ টাকায় কিনে নেন।

সর্বোচ্চ দামে ডিম কেনা বাদল মিয়া জানান, মসজিদ থেকে কেনা জিনিস খেলে রোগব্যাধি সেরে যেতে পারে—এমন বিশ্বাস থেকেই তিনি ডিমগুলো কিনেছেন।

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জন্য নিলামে অংশ নেওয়া ও জিনিস কেনার মাধ্যমে আল্লাহর বরকত পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, নিলামে সংগৃহীত অর্থ মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement