গাইবান্ধায় জনগণের মুখোমুখি চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী
Published : ২০:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে গাইবান্ধায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করা হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে গাইবান্ধা শহরের পৌরপার্কে প্রার্থীরা জনগণের মুখোমুখি হন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেষ দে। সভাপতিত্ব করেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামাল।
এসময় উপস্থিত ছিলেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সাধারণ স¤পাদক প্রবীর চক্রবর্তী। প্রার্থীদের মধ্যে বাসদ (মার্কসবাদী) প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মাজেদ (হাতপাখা) ও জনতার দলের মো. শাহেদুর জাহান (কলম)।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দিয়ে তাদের নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
বিডি/এএন



























