সুষ্ঠু পরিকল্পনাই বিএনপির রাজনীতির ভিত্তি: ডা. জুবাইদা রহমান
Published : ২০:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির রাজনীতি মূলত সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও সুষ্ঠু পরিকল্পনার ওপর ভিত্তি করেই পরিচালিত হয়—এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি উল্লেখ করেন, দেশ বর্তমানে একটি গভীর সংকটকাল অতিক্রম করছে এবং এই বহুমাত্রিক সমস্যাগুলো থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে নানা ধরনের সমস্যা বিদ্যমান থাকলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে সেগুলোর স্থায়ী সমাধান সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন সময় এসেছে একটি নতুন গৌরবময় সূর্যোদয়ের অপেক্ষায় না থেকে তা বাস্তবে রূপ দেওয়ার।
তিনি জাতীয়তাবাদের একটি নতুন দর্শনের কথা তুলে ধরে বলেন, বিএনপির রাজনীতির মূলমন্ত্র হবে— ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ’। তার মতে, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়াই আধুনিক ও দায়িত্বশীল রাজনীতির প্রধান ভিত্তি হওয়া উচিত।
সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভাজনের আগে সমতা নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, এমন একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে।
যুবসমাজের প্রসঙ্গ টেনে ডা. জুবাইদা রহমান বলেন, শ্রমের যথাযথ মর্যাদা ও মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, মেধাভিত্তিক চাকরির বাজার সৃষ্টি এবং তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করাই বিএনপির অন্যতম লক্ষ্য। শোষণের পরিবর্তে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে আগামীর মূল অঙ্গীকার।
একটি মানবিক ও জনবান্ধব সমাজ গঠনের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনগণ গুরুত্ব পাবে এবং সিদ্ধান্ত গ্রহণে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে।
শেষে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সব স্তরের পেশাজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি/এএন



























