সোশ্যাল মিডিয়ায় নির্বাচন প্রচারে কড়াকড়ি, ইসির নতুন নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন প্রচারে কড়াকড়ি, ইসির নতুন নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সব রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি সচিবালয় থেকে পাঠানো চিঠিতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৬ নম্বর বিধি উল্লেখ করে বলা হয়েছে—প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট কিংবা সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন, তবে এর আগে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। কোনো ধরনের পরিচয় গোপন রেখে কিংবা তথ্য না দিয়ে ডিজিটাল প্রচারণা চালানো হলে তা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

একই সঙ্গে নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম কার্যকর করেছে কমিশন। বিধিমালার ২২(২) ধারা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, পোস্ট বুস্টিং বা স্পন্সরশিপে যে অর্থ ব্যয় হবে, তা প্রার্থীর মোট নির্বাচনী ব্যয়ের হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে। এসব ব্যয়ের বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, তার একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সব রিটার্নিং অফিসারকে।

এই নির্দেশনার ফলে এবারের নির্বাচনে অনলাইনে অপপ্রচার নিয়ন্ত্রণ এবং নির্বাচনী ব্যয়ের ওপর কমিশনের নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্ধারিত বিধি না মেনে প্রচারণা চালালে আইন অনুযায়ী প্রার্থিতা বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে কমিশন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement