সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন–এর কাছে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। তবে রুমিন ফারহানা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় বড় ব্যবধানে জয়লাভ করেন।

একই দিনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর তার নেতৃত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটকে আরও সুস্পষ্ট করে।

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ প্রদান করবেন। এরপর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসবে, যেখানে ডা. শফিকুর রহমান সংসদীয় নেতা নির্বাচিত হবেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement