নতুন মন্ত্রিসভায় হবে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়

নতুন মন্ত্রিসভায় হবে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় ঘটানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানী এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। এছাড়া যারা দুর্নীতির ইতিহাসে জড়িত নয় এবং জনগণের কাছে আস্থাশীল, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। তিনি আরও বলেন, নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হবে নতুন মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা জনগণের একতাবদ্ধ অংশগ্রহণের ফল। যদি কেউ দেশকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে তাদের সহায়তা ছাড়া এটি সম্ভব হত না।

মেজর হাফিজ উল্লেখ করেন, নাহিদ ইসলাম ও ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে সুবাতাস এনেছে। বিরোধীদল হিসেবে তারা শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে তার প্রত্যাশা প্রকাশ করেন।

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, এই ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে। প্রকৃত ইতিহাস জানতে সাধারণ মানুষকে সুযোগ দেওয়া হয়নি। দেশের রাজনীতিবিদরা মূলত নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ এ দেশে হতো না যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ১৯৭১ সালের মার্চে বিদ্রোহ না করতো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামীকাল, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর উপস্থিতিতে। একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তাদের শপথগ্রহণ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement