খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া-মিলাদ কর্মসূচি বিএনপির
Published : ১৭:২১, ১৪ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য পর্যায়ে দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের কথা জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।































