খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৮, ১৫ আগস্ট ২০২৬

বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়ে নিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জন্মদিন বিএনপির নেতাকর্মীদের জন্য আনন্দের দিন। তাঁর ভাষ্য, খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিলেন এবং তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে যে অবস্থান তৈরি করেছে, এর পেছনে খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, দলকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে বিএনপি সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হয়।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করার পর মানুষের প্রত্যাশা হচ্ছে, খালেদা জিয়ার নীতি ও তাঁর ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর পাশাপাশি দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করবে। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান।

মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement