জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে’: রাশেদ খাঁন

জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে’: রাশেদ খাঁন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৪, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘জালিম সংগঠন’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জামায়াত এখন আওয়ামী লীগের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। তার অভিযোগ, কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার পর আবারও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামায়াত-শিবির পেশিশক্তির মহড়া দিয়েছে।

জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে রাশেদ খাঁন বলেন, অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দল হওয়ার পর জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে। তার আশঙ্কা, ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে ভিন্নমতের জন্য ন্যূনতম রাজনৈতিক পরিসরও রাখবে না।

জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গণ-অধিকার পরিষদের নেতাদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, গণ-অধিকার পরিষদকে জামায়াতমুখী করার চেষ্টা করা নেতাদের বিষয়ে তারা সতর্ক অবস্থান নিয়েছেন।

রাশেদ খাঁনের দাবি, জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেল গণ-অধিকার পরিষদকে নিয়ে ‘জঘন্য বক্তব্য’ দিয়েছেন। তিনি ওই বক্তব্যের প্রতিবাদ জানান।

গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গণ-অধিকার পরিষদের ভূমিকা জামায়াতের চেয়ে বেশি বলেও দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত যখন গোপনে ছিল, তখন গণ-অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল। তবে বর্তমানে জামায়াতের বক্তব্য ও আচরণ দেখে মনে হচ্ছে, তারাই সবকিছু করেছে। কিন্তু ইতিহাস পরিবর্তন করা যায় না।

শেয়ার করুনঃ
Advertisement