আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় ছাত্রদলের পদ হারালেন এস এম নয়ন

আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় ছাত্রদলের পদ হারালেন এস এম নয়ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৫, ২৬ নভেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়েছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও কল ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

শেয়ার করুনঃ
Advertisement