গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপি ‘বিশ্বাসঘাতক’: মামুনুল হক
Published : ১০:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৬
গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হলে বিএনপি ইতিহাসের পাতায় ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে ‘গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার’ পথ পরিহার করতে হবে। বর্তমান সরকারকে সতর্ক করতেই তারা লংমার্চ কর্মসূচিতে নেমেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। নবী মুহাম্মদ (সা.)-এর জীবন ও সিরাত অধ্যয়ন করে তিনি উপলব্ধি করেছেন, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।
লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান, সরকার ও তাদের সমর্থকদের সমালোচনা করে মামুনুল হক বলেন, ১১ দল বর্তমানে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করছে। তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে না গিয়ে জনদুর্ভোগ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি পালন করছেন বলেও দাবি করেন।
১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত হবে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন আরও বিস্তৃত করার কথা জানান তিনি।
মামুনুল হক বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়নসহ তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন আরও বেগবান হবে।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়। আট দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো বিষয় রয়েছে।

































