মুসলিমদের বিজয় ও বিশ্ব কল্যাণে কোরআন-সুন্নাহর দোয়া

মুসলিমদের বিজয় ও বিশ্ব কল্যাণে কোরআন-সুন্নাহর দোয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪২, ১ মার্চ ২০২৬

মুসলমানরা যখনই কোনো কঠিন পরিস্থিতি, বিপদ-আপদ বা যুদ্ধের সম্মুখীন হতেন, তখন মহান আল্লাহর কাছে সাহায্য, বিজয় ও অন্তরের প্রশান্তি কামনা করতেন।

বিশেষ করে নবীজি (সা.) যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতেন বা শত্রুর মুখোমুখি দাঁড়াতেন, তখন তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করতেন। হাদিসে বর্ণিত এসব দোয়া অনুসরণ করে পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলমান বিজয়, শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য এগুলো পড়তে পারেন। নিচে সে দোয়াগুলো তুলে ধরা হলো—

১. শত্রুর পরাজয় ও মুসলমানদের বিজয়ের জন্য দোয়া

রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের ময়দানে কিংবা শত্রুর সম্মুখীন হলে এই দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা মুনযিলাল কিতাবি, ওয়া মুজরিয়াস সাহাবি, ওয়া হাযিমাল আহযাবি, ইহযিমহুম ওয়ানসুরনা আলাইহিম।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি কিতাব অবতীর্ণকারী, মেঘমালা পরিচালনাকারী এবং শত্রু বাহিনীকে পরাজিতকারী। আপনি তাদেরকে পরাভূত করুন এবং তাদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন।’
(সুনানে আবু দাউদ)

২. মুসলমানদের বিজয়, ঐক্য ও কল্যাণের জন্য হজরত ওমর (রা.)–এর দোয়া

হজরত ওমর (রা.) নামাজের কুনুতে মুসলমানদের সার্বিক কল্যাণ, পারস্পরিক ঐক্য ও শত্রুর বিরুদ্ধে সাহায্য কামনা করে এই দোয়াটি পড়তেন—

اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ

উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, ওয়া আসলিহ যাতা বাইনিহিম, ওয়ানসুরহুম আলা আদুউওয়িকা ওয়া আদুউউয়িহিম।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের এবং সকল মুমিন নর-নারী ও মুসলিম নর-নারীকে ক্ষমা করুন। তাদের অন্তরে পারস্পরিক ভালোবাসা ও ঐক্য সৃষ্টি করে দিন। তাদের পারস্পরিক বিরোধ মিটিয়ে দিন এবং আপনার শত্রু ও মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করুন।’
(বায়হাকি)

৩. মুসলমানদের বিজয় ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য দোয়া

বিখ্যাত তাবেঈ সুফিয়ান সওরি (রহ.) মুসলিম উম্মাহর মর্যাদা, সঠিক নেতৃত্ব ও দ্বীনি প্রতিষ্ঠার জন্য এ দোয়াটি পাঠ করতেন—

اللَّهُمَّ أَبْرِمْ لِهَذِهِ الْأُمَّةِ أَمْرًا رَشَدًا، تُعِزُّ فِيهِ وَلِيَّكَ، وَتُذِلُّ فِيهِ عَدُوَّكَ، وَيُعْمَلُ فِيهِ بِطَاعَتِكَ، وَيُؤْمَرُ فِيهِ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى فِيهِ عَنِ الْمُنْكَرِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আবরিম লিহাযিহিল উম্মাতি আমরান রাশাদা, তুইযযু ফীহি ওয়ালিয়্যাকা, ওয়া তুযিল্লু ফীহি আদুউওয়াকা, ওয়া ইয়ু’মালু ফীহি বিত্বাআতিকা, ওয়া ইয়ুমারু ফীহি বিল মা’রূফি ওয়া ইউনহা ফীহি আনিল মুনকার।’

অর্থ: ‘হে আল্লাহ! এই উম্মতের জন্য এমন এক সঠিক ও কল্যাণকর ফয়সালা নির্ধারণ করুন, যার মাধ্যমে আপনার প্রিয় বান্দারা সম্মানিত হবে, আপনার শত্রুরা লাঞ্ছিত হবে, আপনার আনুগত্য অনুযায়ী আমল করা হবে এবং সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার বিধান প্রতিষ্ঠিত হবে।’
(হিলয়াতুল আউলিয়া)

এসব দোয়া শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং যেকোনো সংকট, অন্যায়-অবিচার বা উম্মাহর দুর্দিনে আল্লাহর সাহায্য ও রহমত কামনায় পাঠ করা যেতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement