আজ পবিত্র শবে কদর
Published : ১৯:০৩, ১৬ মার্চ ২০২৬
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হচ্ছে। আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে এ রাতের ইবাদত ও মাহফিল। সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে শবে কদর উদযাপন করবেন।
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম বলে কোরআনে বর্ণিত। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। ইবাদত ও বন্দেগীর মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং তার রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত প্রাপ্তির সুযোগ পান।
পবিত্র রমজান মাসে এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, মসজিদের পাশে ও বাসা-বাড়িতে রাত জুড়ে নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত পালন করবেন।
পবিত্র শবে কদরের উপলক্ষে পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শবে কদরের এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বাণীতে তিনি লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত কামনা করে সবাইকে এই রাতের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও মহিমামণ্ডিত রাত, যা মানবজাতির জন্য ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানান, রাতটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, দোয়া ও মোনাজাতে কাটানো হোক।
শবে কদরের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে মানবকল্যাণে আত্মনিয়োগ করার অনুরোধও করেন তিনি। দেশের সব মসজিদে তারাবির নামাজের পর ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। দেশের সংবাদপত্রগুলোতেও শবে কদরের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
বিডি/এএন


































