পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Published : ০১:০০, ২৮ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও তাকওয়ার চেতনা জাগ্রত করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য মুসলিম উম্মাহর জন্য চিরন্তন দৃষ্টান্ত হয়ে রয়েছে। সেই আদর্শ থেকেই ঈদুল আজহার মূল শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভেতরের লোভ, হিংসা ও অন্যায়ের প্রবণতাকে পরিহার করে আত্মিক উন্নয়নের পথ অনুসরণ করাই এর মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
তারেক রহমান আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের চেতনা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং সকলের জীবন শান্তি ও কল্যাণে ভরে উঠবে।



































