হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, আজ রাত থেকেই শুরু ফিরতি ফ্লাইট

হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, আজ রাত থেকেই শুরু ফিরতি ফ্লাইট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৯, ৩০ মে ২০২৬

তিন জামারাতে শয়তানকে উদ্দেশ করে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি হাজিরা। আজ শুক্রবার রাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশি হাজিদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটের মাধ্যমে শুরু হবে এবারের ফিরতি যাত্রা।

প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে প্রায় ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় গত ১৭ এপ্রিল, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট উদ্বোধন করেন। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন, আবাসন এবং ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় পুরো হজ কার্যক্রমে বড় ধরনের শিডিউল জটিলতা দেখা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিবন্ধিত শতভাগ হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম।

শেয়ার করুনঃ
Advertisement