বাজেটে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব

বাজেটে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৮, ১১ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের মসজিদভিত্তিক ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। সামাজিক সুরক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থিক সহায়তা জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরবেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলের জন্য ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ রয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।

স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নতুন কয়েকটি কর্মসূচি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সম্মানী প্রদানের প্রস্তাব সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানোর একটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement