আজ শুভ মহালয়া, শুরু দুর্গাপূজার ক্ষণগণনা
Published : ১০:৩৮, ১০ অক্টোবর ২০২৬
বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শনিবার (১০ অক্টোবর) উদ্যাপিত হচ্ছে শুভ মহালয়া। এদিনের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। একই সঙ্গে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।
মহালয়া শুধু দুর্গাপূজার আগমনী তিথি নয়, প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনারও বিশেষ দিন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, এদিন ভোরে নদী বা জলাশয়ে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশে জল ও তিল নিবেদন করেন অনেকে।
মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, বিশেষ পূজা এবং ঘট স্থাপনসহ নানা ধর্মীয় আয়োজন করা হয়। ভোরের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর ঐতিহ্যও রয়েছে।
পুরাণের বর্ণনা অনুযায়ী, মহালয়ার সঙ্গে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনি জড়িয়ে আছে। অসুরের অত্যাচারে বিপর্যস্ত দেবতাদের রক্ষায় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে মহামায়ার আবির্ভাব ঘটে। দেবতাদের দেওয়া অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দুর্গা দীর্ঘ যুদ্ধের পর মহিষাসুরকে পরাজিত করেন বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত।
এদিকে, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠান শেষে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা উদ্যাপন কমিটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। ধর্মীয় আচার, চণ্ডীপাঠ ও পূর্বপুরুষদের স্মরণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।


































