জোড়া গোলে মেসির ঝলক, লিগস কাপে দাপুটে জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির
Published : ১৮:৪৪, ৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই দুর্দান্ত প্রত্যাবর্তনের বার্তা দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে রোমান তোরেসের পাস থেকে ডেভিড রদ্রিগেস গোল করে সান লুইসকে এগিয়ে দেন।
তবে ১১ মিনিটেই সমতায় ফেরে মায়ামি। নোয়া অ্যালেনের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মেসি। বিশ্বকাপ শেষে মায়ামির জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।
২৬ মিনিটে আবারও অ্যালেনের পাস থেকে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের ৪৪ মিনিটে অ্যালেনের আরেকটি পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কর্নার থেকে মিকায়েল গোল করলে ৪-১ ব্যবধানে বিরতিতে যায় ইন্টার মায়ামি। দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন মেসি, আর তিনটি গোলেই সহায়তা করেন নোয়া অ্যালেন।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রাফায়েল ইয়োরেন্তে গোল করে ব্যবধান কমালেও এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে ইন্টার মায়ামি।
বিশ্বকাপের পর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি মেসি। তবে এবার প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করে জানিয়ে দিলেন, তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন।
লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।


































