আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ, ব্যাট-বল হাতে মাঠে ভারতীয় হাইকমিশনার
Published : ১২:২৬, ১৮ নভেম্বর ২০২৬
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ। এবার সেই উত্তেজনার আবহ ছড়িয়ে পড়ল ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুধু ম্যাচ উপভোগই নয়, ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতেও সময় কাটান তিনি।
মঙ্গলবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। ম্যাচের বিভিন্ন মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহও দেন তিনি।
খেলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সাহস এবং ভবিষ্যৎ দেখার সক্ষমতা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, ‘ওরা হয়তো চোখে দেখতে পায় না, কিংবা কম দেখতে পায়। কিন্তু ওদের ভিশন আছে। ভিশন আর চোখে দেখা এক জিনিস নয়। আমরা অনেক সময় চোখে দেখেও ভিশন বা দূরদৃষ্টি দিয়ে কিছু বুঝতে পারি না। ভিশন মানে ফোরসাইট; সামনে কী আছে, তা উপলব্ধি করার ক্ষমতা।’
ব্লাইন্ড ক্রিকেটারদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, তাঁদের মধ্যে যে সাহস রয়েছে, তা অনেকের মধ্যেই নেই। তাঁদের খেলা থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তাঁরা অনেক কিছু করতে পারবেন না—এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাঁদের পূর্ণ উৎসাহ দেওয়া প্রয়োজন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমাদের উচিত তাঁদের পূর্ণ উৎসাহ দেওয়া এবং অন্য সবার মতো স্বাভাবিকভাবে আচরণ করা। তাঁরাও সেটাই চান; আমরা যেন তাঁদের সঙ্গে স্বাভাবিক আচরণ করি। সব দলই ভালো খেলছে।’
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট দলকে শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দলকে আলাদাভাবে এগিয়ে রাখতে চান না। সব দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, সেরা দলই জয়ী হোক।
এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকা উচিত। একই সঙ্গে ব্লাইন্ড ক্রিকেটারদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লাইন্ড ক্রিকেটারদের বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে তাঁদের আরও কার্যকরভাবে সহায়তা করার সুযোগ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ভারত-পাকিস্তান ম্যাচের এক দিন আগে সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়াম পরিদর্শন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই প্রতিনিধি দলটি সেখানে যায়।
পরিদর্শনকালে ইসিবির প্রতিনিধিরা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম ও সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত সুযোগ-সুবিধাও পর্যবেক্ষণ করেন তাঁরা।
বিসিবি ও ভেন্যুসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্টেডিয়ামের সামগ্রিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইসিবির প্রতিনিধিরা। পরিদর্শন শেষে তাঁরা নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।


































