মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

মাদকমুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৯, ২৪ নভেম্বর ২০২৬

তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি দল অংশ নেবে। চারটি মাঠে একযোগে শুরু হবে টুর্নামেন্টের খেলা।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়নের প্রচলিত কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তিনি বলেন, ডিএনসিসির দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন কিংবা সবুজায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করা এবং বিভিন্ন মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তরুণরা যেন খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যতে পেশা হিসেবেও গ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করতে চায় ডিএনসিসি। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজের পাশাপাশি পরিবারের দায়িত্বও নিতে পারবে—এমন পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য।

ডিএনসিসি প্রশাসক বলেন, মোবাইল গেম ও মাদকের প্রতি তরুণদের আসক্তি কমাতে তাদের জন্য মাঠমুখী পরিবেশ তৈরি করা জরুরি। শিশু-কিশোর ও তরুণদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।

টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশেষভাবে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংকে ধন্যবাদ জানান। আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের মাঠে একযোগে খেলা শুরু হবে বলেও জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ ফিট এলাকায় ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফ্লাওয়ার শো এবং নগর পরিচ্ছন্নতায় অবদান রাখা কর্মীদের সম্মাননা দেওয়ার আয়োজন রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ‘সিটিজেন হিরো’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচকভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, মোবাইল গেম ও মাদকের আসক্তি থেকে তরুণদের মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য শিশুদের খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপের মাধ্যমে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। এবারের আয়োজন থেকেও নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটিতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবলকে আবারও সাধারণ মানুষের প্রাণের খেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবারের ডিএনসিসি কাপে ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল।

মেয়েদের বিভাগে অংশ নেবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement