বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিকে কোথায় খেলাবে অস্ট্রেলিয়া?

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিকে কোথায় খেলাবে অস্ট্রেলিয়া? ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:০৬, ১১ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ডারউইনে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অ্যালেক্স ক্যারির ব্যাটিং পজিশন। পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে কোথায় তাঁকে খেলানো হবে, সেটি এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ এক বছরে ছয় ও সাত নম্বরে ব্যাট করে দারুণ পারফর্ম করেছেন ৩৪ বছর বয়সী এই উইকেটকিপার। ২০২৫ সালের শুরু থেকে টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৭-এর কাছাকাছি, যা ক্যারিয়ারের ৩৫.৮৯ গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিংয়ের সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি খেলেছেন ১৫৬ রানের দুর্দান্ত ইনিংস। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১০৬ ও ৭২ রানের ম্যাচজয়ী দুটি ইনিংস খেলেন। ছয় নম্বরে সবশেষ ছয় ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৮০.৭৫।

তবে উসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার টপ অর্ডারের নিচে মিডল অর্ডারে তৈরি হয়েছে নতুন সমীকরণ। স্টিভ স্মিথ চারে থাকবেন নিশ্চিত। কিন্তু পাঁচ থেকে সাত নম্বরের তিনটি জায়গার জন্য অস্ট্রেলিয়ার হাতে রয়েছেন বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি—চারজন।

ফলে কাকে কোন পজিশনে খেলানো হবে, তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যারিও জানিয়েছেন, তাঁর ব্যাটিং পজিশন এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, ‘এখনো ঠিক হয়নি। আমরা এখনো তিন দিন দূরে আছি। আগামী তিন দিনে আরও তথ্য পাব। দুই অলরাউন্ডার, ইঙ্গো (ইংলিস) আর আমি—অনেক অপশন আছে। আমরা সবাই মিডল অর্ডারে থাকব, এটুকু বলতে পারি। পাঁচ থেকে সাতের মধ্যেই আমি নামব।’

ক্যারি জানিয়েছেন, ব্যাটিংয়ে সাম্প্রতিক উন্নতির পেছনে বড় কোনো টেকনিক্যাল পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তনই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উইকেটকিপিংয়ের পাশাপাশি সামনের ১২ মাসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২১টি পর্যন্ত টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে ক্যারির। এটি হলে এক বছরে কোনো অস্ট্রেলিয়ান উইকেটকিপারের সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডও গড়তে পারেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ক্যারির জন্য আরও বিশেষ। সর্বশেষ মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে খেললেও এখনো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হননি তিনি।

তবে তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের জন্য অ্যালেক্স ক্যারি বড় চ্যালেঞ্জ হতে পারেন। তাই বাংলাদেশের সমর্থকদের চাওয়া একটাই—ক্যারির সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম যেন ডারউইন টেস্টে থেমে যায়।

শেয়ার করুনঃ
Advertisement