ইংল্যান্ড সিরিজের আগে চোটে বাবর আজম
Published : ১৬:২৬, ১৫ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে চোট পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফলে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না তিনি।
বাবরের চোটের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড জানিয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে হাতে ব্যথা পাওয়ার পর সতর্কতা হিসেবে ম্যাচের শেষ দিন বাবরকে বিশ্রাম দেওয়া হবে। তবে চোট গুরুতর নয়। সোমবার হেডিংলিতে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
কেন্টের বেকেনহ্যামে পিসিসি সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে ৩০৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি তিনটি করে এবং খুররাম শাহজাদ দুটি উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে বড় কোনো জুটি গড়তে না পারায় ২৩৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বল খেলে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হন বাবর। পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেন আব্দুল্লাহ শফিক। এছাড়া ইমাম উল হক ৩৭, সৌদ শাকিল ৩০ এবং গাজী ঘোরি ২৭ রান করেন।
প্রথম ইনিংসে ৬৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১২৮ রান করেছে পিসিসি সিলেক্ট একাদশ। হাতে থাকা সাত উইকেট নিয়ে তারা পাকিস্তানের চেয়ে ১৯৫ রানে এগিয়ে আছে।
আগামী ১৯ আগস্ট লিডসে প্রথম টেস্ট দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর ২৭ আগস্ট লর্ডসে দ্বিতীয় টেস্ট এবং ৯ সেপ্টেম্বর বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাবর আজমের দল।
































