সালাহকে ঘিরে ট্রাবজনে পর্যটনের নতুন সম্ভাবনা
Published : ১৯:২১, ১৮ আগস্ট ২০২৬
মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহকে ঘিরে তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের শহর ট্রাবজনে তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা। তুর্কি ক্লাব ট্রাবজনস্পোরে সালাহর যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তার ভক্তদের নজর এখন ঐতিহ্যবাহী এই শহরের দিকে।
প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন পরিচালক তামার এরদোয়ান জানান, গত বছর ট্রাবজনে প্রায় ১৪ লাখ ৫০ হাজার পর্যটক ভ্রমণ করেন। তাদের মধ্যে ৮ লাখের বেশি ছিলেন বিদেশি পর্যটক। সালাহর বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কথা উল্লেখ করে তিনি বলেন, তার আগমন ট্রাবজনকে আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
পর্যটন বিভাগ জানিয়েছে, বিশ্বের প্রায় ৪০টি দেশে ট্রাবজনস্পোরের ম্যাচ সম্প্রচারিত হওয়ায় ক্লাবটির আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ছে। এর প্রভাব শহরের পর্যটন খাতেও পড়বে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।
চলতি বছরের প্রথম সাত মাসে ৩ হাজার ১৭০ জন মিশরীয় পর্যটক ট্রাবজন ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। কায়রো থেকে সরাসরি বিশেষ চার্টার্ড ফ্লাইট চালুর বিষয়টিও এই পর্যটক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তামার এরদোয়ান বলেন, সালাহ ট্রাবজনে পা রাখার দিন থেকেই কায়রো-ট্রাবজন রুটে প্রথম চার্টার্ড ফ্লাইট চালু হয়েছে। ফলে মিশর থেকে শহরটিতে পর্যটকদের যাতায়াত আরও সহজ হয়েছে।
এদিকে দূরপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে স্থানীয় প্রশাসন। ট্রাবজনস্পোরের ম্যাচকে কেন্দ্র করে পর্যটন প্যাকেজ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
অ্যাসোসিয়েশন অব তুর্কি ট্রাভেল এজেন্সিসের পূর্ব কৃষ্ণসাগর অঞ্চলের চেয়ারম্যান মেহমেত আলি টুনা জানান, মধ্য এশিয়ার তুর্কিভাষী দেশগুলোতেও সালাহ অত্যন্ত জনপ্রিয়। চলতি লিগের দ্বিতীয় সপ্তাহে ট্রাবজনস্পোরের প্রথম হোম ম্যাচকে কেন্দ্র করে উজবেকিস্তান থেকে ইতোমধ্যে বিশেষ প্যাকেজ ট্যুরের পরিকল্পনা করেছে কয়েকটি ট্রাভেল এজেন্সি।
ফলে একজন বিশ্বখ্যাত ফুটবল তারকার ক্লাব পরিবর্তন শুধু মাঠের উত্তেজনাই নয়, ট্রাবজনের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


































