আলভারেজ অধ্যায় স্থগিত, নতুন ‘নম্বর ৯’ খুঁজছে বার্সেলোনা
Published : ১১:০৩, ২০ আগস্ট ২০২৬
আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। তাকে ছাড়তে আতলেতিকো মাদ্রিদ রাজি না হওয়ায় চলতি দলবদলেই নতুন একজন ‘নম্বর ৯’ খুঁজতে শুরু করেছে কাতালান ক্লাবটি।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজের জন্য ভবিষ্যতে আবারও চেষ্টা করতে পারে বার্সেলোনা। জানুয়ারির দলবদলে নতুন প্রস্তাব দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে চলতি মাসে আলভারেজকে দলে আনার সম্ভাবনা খুবই কম।
রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর একজন স্বীকৃত স্ট্রাইকার চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। বুধবার তিনি বলেন, ‘আমরা একজন স্ট্রাইকার খুঁজছি। ডেকো খুব ভালো কাজ করছে।’
শুরু থেকেই বার্সেলোনার প্রধান লক্ষ্য ছিলেন আলভারেজ। চলতি গ্রীষ্মে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের জন্য প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে প্রস্তাবটি ফিরিয়ে দেয় আতলেতিকো।
আলভারেজ নিজেও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তার এমন অবস্থানের পর আতলেতিকো কিছুটা নমনীয় হবে বলে আশা করেছিল বার্সেলোনা। কিন্তু মাদ্রিদের ক্লাবটি আর্জেন্টাইন তারকাকে বিক্রি না করার সিদ্ধান্তে অনড় রয়েছে।
লেভানডফস্কির বিকল্প খুঁজে পাওয়া কঠিন
বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর মতে, ফেরান তোরেসের বিকল্প খুঁজে নেওয়ার মতো সমাধান দলের হাতে থাকলেও লেভানডফস্কির জায়গা পূরণ করা কঠিন।
ডেকো বলেন, ‘আক্রমণভাগে আমরা দুই খেলোয়াড়কে হারিয়েছি, লেভানডফস্কি ও ফেরানকে। নতুন যারা এসেছে, তাদের দিয়ে ফেরানের অভাব পূরণের সমাধান আমাদের আছে। কিন্তু রবার্টের বিকল্প বের করা অনেক কঠিন।’
তিনি আরও জানান, ক্লাবের ভেতরে কিছু বিকল্প পরিকল্পনা রয়েছে। তবে দলবদলের বাজারে সম্ভাব্য খেলোয়াড়দের নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।
বর্তমান খেলোয়াড়দের দিয়েই সমাধানের চেষ্টা
নতুন কোনো স্ট্রাইকার না এলে রাফিনিয়া, করিম আদেয়েমি, অ্যান্থনি গর্ডন কিংবা লামিন ইয়ামালকে মাঝখানে খেলাতে পারেন ফ্লিক। এ ছাড়া ফেরমিন লোপেস ও দানি ওলমোও আগে ‘ফলস নাইন’ ভূমিকায় খেলেছেন।
প্রাক্-মৌসুমে মূল দলের সঙ্গে থাকা একমাত্র স্বীকৃত স্ট্রাইকার ১৮ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। হোয়ান গাম্পার ট্রফিতে আল আহলির বিপক্ষে গোল করে প্রস্তুতি মৌসুমে নিজের গোলসংখ্যা চারটিতে নিয়ে গেছেন তিনি।
হামজার প্রশংসা করে ফ্লিক বলেন, তরুণ এই ফরোয়ার্ড ক্রস থেকে গোলের জায়গায় ভালোভাবে পৌঁছাতে পারেন এবং বল ধরে রাখার ক্ষেত্রেও উন্নতি করেছেন।
আলোচনায় আরও কয়েকজন
আলভারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের লাওতারো মার্তিনেস ও স্পোর্তিং সিপির লুইস সুয়ারেজের নাম আলোচনায় রয়েছে। তবে দুজনকেই দলে আনতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনার জন্য কঠিন।
দীর্ঘদিন ধরে বেনিয়ামিন শেশকোর ওপর নজর থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে এখন দলে আনা প্রায় অসম্ভব বলে মনে করছে ক্লাবটি।
এ ছাড়া ভিয়ারিয়ালের আইয়োজে পেরেস ও জর্জেস মিকাউতাদজেকেও বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্পেনে আসার পর মিকাউতাদজের পারফরম্যান্স বিশেষভাবে বার্সেলোনার কর্মকর্তাদের নজর কেড়েছে।
চলতি দলবদলে রদ্রি, অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নেওয়ার পরও লেভানডফস্কির শূন্যতা পূরণ করতে পারেনি বার্সেলোনা। হোয়াও কানসেলোর যোগ দেওয়ার অপেক্ষাতেও রয়েছে ক্লাবটি। সব মিলিয়ে দলবদলের শেষ সময়ে একজন কার্যকর ‘নম্বর ৯’ খুঁজে পাওয়াই এখন বার্সার অন্যতম প্রধান লক্ষ্য।


































