যুব ফুটবলে ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া
Published : ১০:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৬
যুব ফুটবলের ম্যাচে গ্যালারিতে অভিভাবক ও দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। এখন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের শেষ ধাপ হিসেবে রেফারি দেখাতে পারবেন ‘কালো কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না; এটি ব্যবহার করা হবে গ্যালারির দর্শকদের অসদাচরণের বিরুদ্ধে।
টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত কার্যকর
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নতুন নিয়মটি অনুমোদন করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় এটি কার্যকর হবে।
নিয়ম অনুযায়ী, গ্যালারি থেকে গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা ঘটলে প্রথমে ম্যাচ সাময়িকভাবে বন্ধ করবেন রেফারি। এরপর দুই দলের কোচ নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
দ্বিতীয় ধাপে ১০ মিনিটের বিরতি
প্রথমবার ম্যাচ বন্ধ করার পরও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে থাকবে। কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু হবে।
কালো কার্ড দেখালেই ম্যাচ শেষ
মাঠে খেলা ফেরার পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি দেখাবেন ‘কালো কার্ড’।
এই কার্ড দেখানো হলে ম্যাচ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এরপর আর সেই ম্যাচ পুনরায় শুরু করা যাবে না।
আগেও ছিল কঠোর শাস্তির বিধান
রোমানিয়ায় যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। গ্যালারিতে গালাগালি, হুমকি ও মারামারির মতো ঘটনা শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
এর আগে ২০২৪ সালে এ ধরনের আচরণ ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল রোমানিয়া ফুটবল ফেডারেশন। অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।
তবে এবার ম্যাচ শেষ হওয়ার পর শাস্তি দেওয়ার পাশাপাশি ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের সরাসরি ক্ষমতাও রেফারির হাতে তুলে দেওয়া হলো। কর্তৃপক্ষের লক্ষ্য, শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করে খেলোয়াড়দের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা।


































