আবারও কমলো তেলের দাম, বিশ্ববাজারে স্বস্তি

আবারও কমলো তেলের দাম, বিশ্ববাজারে স্বস্তি ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১১:৩৬, ২৪ জুন ২০২৬

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে বলে জানিয়েছে আলজাজিরা।

বুধবারের শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। এর আগের দিন মঙ্গলবারও ব্রেন্ট ক্রুড প্রায় ১ শতাংশ মূল্য হারিয়ে মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দাম নিম্নমুখী হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ব্যাহত হয়, যা বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।

এ ছাড়া সংঘাত চলাকালে বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাও বাজারে অস্থিরতা বাড়িয়ে দেয় এবং তেলের দাম ঊর্ধ্বমুখী করে তোলে।

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক তেলের বাজারে মূল্যপতন অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement