শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০০ কোটি ডলারের ডেনিম কারখানা
Published : ১৮:৪৭, ২৫ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে সমন্বিত স্পিনিং ইউনিটসহ মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।
পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির বাণিজ্যিক উৎপাদন ২০২৮ সালের প্রথম প্রান্তিকে শুরু হওয়ার কথা রয়েছে। রপ্তানিমুখী এ প্রকল্প চালু হলে দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্পের সক্ষমতা বাড়বে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সালে টেক্সটাইল ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে তারা।
প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে তাদের ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের পণ্য ও সেবা পৌঁছে যাচ্ছে। পাশাপাশি তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে ইসকো।
সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
যৌথ উদ্যোগের স্থানীয় অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।
ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং সংস্থাটির ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছাতে প্রতিষ্ঠানটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, ফলোআপ ও বিনিয়োগকারী সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইনভেস্ট বাংলাদেশ।
প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের ডেনিম ও টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে সুতা ও কাপড় উৎপাদনের সংযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।


































