আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বেশি
Published : ১২:০২, ৯ আগস্ট ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে আজ রোববার (৯ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
তবে স্বর্ণের অলঙ্কার কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। একই সঙ্গে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানেই আবারও স্বর্ণের দাম বেড়ে গেল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ দফা দাম বাড়ানো, ৫০ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।


































