বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৫, ২৪ আগস্ট ২০২৬

বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় তিনগুণ বেড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। সে সময় দৈনিক লেনদেনের অর্থমূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেন বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২১ জুলাই ২০২৬ পর্যন্ত ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলা কিউআরের দ্রুত ব্যবহার বৃদ্ধি দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলবে।

শেয়ার করুনঃ
Advertisement