তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
Published : ১২:৩৭, ৩ সেপ্টেম্বর ২০২৬
টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
দাম বাড়ানোর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। ফলে দেশের বাজারে সোনার গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।

































