ভোট চলাকালে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, তিনজন আহত

ভোট চলাকালে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, তিনজন আহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে একটি ককটেল হামলার ঘটনা ঘটে। এতে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছেন। হামলার ফলে ভোটকেন্দ্রের প্রধান ফটকও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ভোটকেন্দ্রে কর্তব্যরত সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। ঠিক সে সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে অবস্থান করে একটি ককটেল নিক্ষেপ করে।

এতে আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম নামের এক শিশু আহত হন।

ককটেল বিস্ফোরণের পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ভোটগ্রহণ স্বাভাবিক নিয়মেই চালু রাখা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ হচ্ছে। এ জন্য স্থাপন করা হয়েছে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র, যেখানে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী—এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের সংখ্যা ২৯১ জন।

এদিকে শেরপুর–৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে ওই আসন বাদ দিয়ে দেশের বাকি ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement