ভোট বর্জনের কোনো পরিকল্পনা নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী
Published : ১১:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৮ আসনের জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট বয়কটের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ১১ দলীয় জোট সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ভোট বর্জনের কোনো চিন্তা বা কর্মসূচি নেই। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে, কোথাও বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। আশা করছি, বহু বছর পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসবেন, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।”
ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আরও বলেন, “আজ একটি নীরব ভোট বিপ্লব ঘটবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় তিনি অভিযোগ করেন, লাঙ্গল ও ধানের শীষ একসঙ্গে কাজ করছে। তার দাবি, ধানের শীষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে মাঠে সক্রিয় রয়েছে জাতীয় পার্টি।
আরও একটি ঘটনার কথা তুলে ধরে পাটওয়ারী জানান, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে বিএনপির প্রার্থীর এজেন্টদের শাপলা কলি প্রতীকের এজেন্টরা প্রবেশে বাধা দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংশ্লিষ্ট এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।
বিডি/এএন






























