দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের সময় দুই নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায়। আটক ব্যক্তিরা হলেন—বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের সেতু মন্ডল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই দুইজন গোপনে স্থানীয় ভোটারদের মধ্যে নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়রা নজরে আনে এবং তাদের হাতে টাকাসহ আটক করে প্রশাসনের কাছে খবর দেন।
ঘটনা জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুইজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





























