স্ত্রী-মেয়েকে নিয়ে ভোট দেওয়ার পর ফেসবুকে ছবি শেয়ার করলেন তারেক রহমান
Published : ১৩:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর তাদের তিনজনের আঙুলে অমোচনীয় কালি দেখা গেছে, যা ভোটের বৈধতার প্রতীক হিসেবে রয়ে গেছে।
তারা ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় তলার একটি বুথে, সকাল পৌনে ১০টায়। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ও মেয়েও। বিএনপি চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ভোট দিয়েছেন, পাশাপাশি তিনি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোট প্রদান করেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের আশপাশে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন ছিল। এবারের নির্বাচনে এটিই তার প্রথমবারের জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন।
ঢাকা-১৭ ছাড়াও তারেক রহমান তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসনের পর তিনি ২৫ নভেম্বর দেশে ফেরেন এবং ২৭ নভেম্বর ভোটার হন।
রাজনৈতিক জীবনের শুরুটা তারেক রহমান করেন সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরোধী আন্দোলনে। ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন, ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক, ২০০৭ সালে নির্বাসিত, ২০০৯ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করার পর ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এই নির্বাচনে অংশগ্রহণ তার রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে মনে করা হচ্ছে।
বিডি/এএন





























