চুয়াডাঙ্গায় ভোট দিতে গিয়ে মর্মান্তিক বিপর্যয়ের মুখে পড়লেন এক মা। জমজ দুই সন্তানকে বাড়িতে রেখে ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোট শেষে ফিরে এসে দেখেন, এক সন্তান পানিতে ডুবে মারা গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে, শিশুটির নানাবাড়িতে। নিহত শিশুটির নাম হাসান (৩)। সে আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই শিশুকে বাড়িতেই রেখে যাওয়া হয়।
ভোট দিয়ে ফিরে এসে মা ঘরে হুসাইনকে পেলেও হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর পরিবারের সবাই মিলে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, হাসান ছিল অত্যন্ত প্রাণবন্ত ও চঞ্চল স্বভাবের শিশু। মায়ের ভোট দিতে যাওয়ার অল্প সময়ের মধ্যেই এমন দুর্ঘটনা ঘটায় পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























