সারাদেশে ভোটগ্রহণের পুরো চিত্র পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোটদান এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর নজর রাখেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এর আগে প্রধান উপদেষ্টা সকালেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর তিনি বাড্ডা হাইস্কুল কেন্দ্রে এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্রে নির্বাচনী পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এই সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলাপকালে তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
































