“যতদিন বাঁচি, ততদিন দেশের লাইগা দায়িত্ব পালন কইরবার চাই।”

“যতদিন বাঁচি, ততদিন দেশের লাইগা দায়িত্ব পালন কইরবার চাই।” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়া উৎসবমুখর পরিবেশের মধ্যে চোখে পড়েছে এক অনন্য দৃশ্য।

বয়সের ভারে ন্যুব্জ হলেও দেশের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে অটল ৮০ বছর বয়সী আয়েশা বেগম লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন, তার এই দৃঢ় প্রত্যয় কেন্দ্রীয় ভোটার ও উপস্থিত জনতার নজর কাড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বোন জুলেখার সহায়তায় বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পৌঁছান আয়েশা বেগম। ধীরে ধীরে লাঠির সাহায্যে কেন্দ্রে প্রবেশ করার সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

আয়েশা বেগমের সঙ্গে থাকা তার বোন জানায়, বয়সজনিত কারণে চলাফেরায় কিছুটা কষ্ট থাকলেও ভোট দেওয়ার ব্যাপারে তিনি অনড় ছিলেন। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন।

ভোট প্রদান শেষে আয়েশা বেগম বলেন, “যতদিন বাঁচি, ততদিন দেশের লাইগা দায়িত্ব পালন কইরবার চাই।” তার কণ্ঠে ছিল দেশপ্রেম ও গর্বের সুর, যা উপস্থিত সবাইকে স্পর্শ করেছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এই বৃদ্ধা ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। স্থানীয়রা মন্তব্য করেছেন, আয়েশা বেগমের এই অংশগ্রহণ প্রমাণ করে যে গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তার মতো সচেতন নাগরিকদের উদাহরণ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং নতুন প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার দিকে প্ররোচিত করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement