ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী ভোটকেন্দ্র থেকে এজেন্ট ‘বের করে দেওয়া হয়েছে’ এমন অভিযোগ তুললেও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তার কানে আসেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন মির্জা আব্বাস। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি জানান, এই এলাকায় তিনি পাঁচ–ছয়বার নির্বাচন করেছেন, কিন্তু কখনো এমন অভিযোগ শোনেননি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই প্রার্থী বলেন, দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ, ভালো ও সুষ্ঠুভাবেই চলেছে।
তবে তিনি অভিযোগ করেন, ভোটের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলেও জনগণ ব্যালটের মাধ্যমেই তার জবাব দেবে।
নির্বাচনের ফলাফল পক্ষে কিংবা বিপক্ষে যাই হোক, তা মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস স্পষ্ট করে বলেন, কোনো ‘ইঞ্জিনিয়ারিং করা ফলাফল’ তিনি মেনে নেবেন না।































