ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভোট কারচুপির “মহা উৎসব” চলছে।
বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তুলে বলেন, ভোট শেষে কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি নজরে পেয়ে তিনি সরেজমিনে আসেন। কিন্তু সেখানে পরিকল্পিতভাবে তার ওপর হামলার চেষ্টা চালানো হয়।
পাটওয়ারী জানান, হঠাৎ করে ‘এটা মির্জা আব্বাসের এলাকা’ বলে সেনাবাহিনীর সামনেই প্রতিপক্ষ দলের একদল কর্মী তাকে অবরুদ্ধ রাখে এবং আক্রমণ করে। তিনি বলেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার এই চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও সতর্ক করে জানান, “মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেয়া হবে”। এছাড়া দুটি কেন্দ্রকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
পাটওয়ারী ভোটারদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করেন এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানান।































